বিলে ঘুরতে গিয়ে ডুবে মৃত্যু বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুড়ার বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের ছাত্র আশফাক দীপ্ত (২৪), হাবিপ্রবির ফিশারিজ বিভাগের লেভেল-২, সেমিস্টার-২ এর ছাত্র রাফিত রাহাত (২৩) ও দিনাজপুর

সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ফারিহা সৌমি (২৩)। এ সময় হাবিপ্রবির অন্তু মিয়া (২৪) ও মনোয়ার হোসেন (২৩) নামে দুই শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচ বন্ধু মিলে উপজেলার আশুড়ার বিলে ঘুরতে যান। তারা দৃষ্টিনন্দন কাঠের সেতু দেখার পর নিজেরাই নৌকা চালিয়ে বিলের মাঝখানে যান। এক পর্যায়ে দোল খেতে খেতে নৌকাটি উল্টে গেলে তারা পানিতে ডুবে যান। টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ঘুরতে এসে শিক্ষার্থীরা মাঝিছাড়া বিলের মাঝখানে নৌকা নিয়ে গিয়ে ডুবে যান। সাঁতার না জানায় তাদের মৃত্যু হয়েছে। স্থানীয়দের তৎপরতায় বাকি দুই ছাত্র প্রাণে বেঁচে গেছেন।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. খায়রুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, পাঁচ শিক্ষার্থীকে এখানে আনার পর আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। কিন্তু তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি। পরে জীবিত দুজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।