মাদারীপুরের রাজৈরে রাজিব শেখ (১৬) নামে এক কিশোর চালককে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ৭টার দিকে রাজৈর-কোটালিপাড়া সড়কের সেনখালী মণ্ডলবাড়ির কাছে এই ঘটনা ঘটে। নিহত রাজিব রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন হৃদয়নন্দী আদর্শ গ্রামের হোসেন শেখের ছেলে।
রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শংকরদীর পাড় সেতুর কাছ থেকে ৩/৪জন লোক রাজিবের অটোভ্যান ভাড়া করে নিয়ে য়ায়।
সন্ধ্যা ৭টার দিকে রাজৈর-কোটালিপাড়া সড়কের সেনখালী মণ্ডলবাড়ির কাছে রাস্তার পাশে চালক রাজিবের লাশ এলাকাবাসী দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে এবং রোববার সকালে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত রাজিব শেখের বাবা হোসেন শেখ জানান, আমার সংসারের খরচ রাজিব এই অটো চালিয়ে বহন করতো। এখন আমার সব শেষ করে দিল। আমি ছেলে হত্যার বিচার চাই।
রাজৈর থানার ওসি মো. শাহজাহান বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।