স্কুলছাত্রী লিসা হত্যা

আটোয়ারীতে শাস্তি দাবিতে বিক্ষোভ মানববন্ধন

পঞ্চগড় জেলার আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া সামাদ লিসা (১৪) হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল রবিবার দুপুরে পঞ্চগড়-ঠাকুরগাঁও সড়কের আটোয়ারী উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করে আটোয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষকমণ্ডলী, লিসার পরিবারসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

বক্তারা লিসার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা আটোয়ারী থানার উপপরিদর্শক জয়ন্ত কুমার সাহা জানান, আটোয়ারীর আমলি আদালত-৫-এর বিচারক রবিবার গ্রেপ্তার দুই কিশোরের রিমান্ড না-মঞ্জুর করে যশোর কিশোর সংশোধনাগার পাঠানোর আদেশ দিয়েছেন।