শুদ্ধি অভিযানে দল আরও শক্তিশালী হবে : পলক

শুদ্ধি অভিযানে দল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অভিযানটি দেশের জনগণ ও তৃণমূলের নেতাকর্মীরা স্বাগত জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। গতকাল রবিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইসিটি কমিটির সভা শেষে এসব মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এদিকে একই দিন ঝিনাইদহে এক অনুষ্ঠান শেষে তিনি বলেছেন, ডিজিটাল দুর্নীতি ও সাইবার ক্রাইম রোধে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা জেলা আইসিটি কমিটির সভা শেষে পলক সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীনতম দল। ৭০ বছরের ইতিহাসে দলটি অনেক চড়াই-উতরাই পার করেছে। তিনি বলেন, বাংলাদেশের প্রধান সমস্যা ছিল জঙ্গিবাদ মোকাবিলা। এটিতে প্রধানমন্ত্রী সফল হয়েছেন। এখন আমাদের সামনে দুটি চ্যালেঞ্জ। একটি মাদক ও অপরটি দুর্নীতি নির্মূল করা। সেটি নিয়েই দলের সভাপতি শেখ হাসিনা কাজ করছেন। এতে করে দল আরও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।