ঘুষের টাকাসহ দিনাজপুর জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর ও তুলা উন্নয়ন বোর্ডের ক্যাশিয়ারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার বিকেলে নগদ ৩০ হাজার টাকাসহ আটকের পর দুদকের সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
আটক দুই কর্মকর্তা হলেন জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. আনোয়ার পাশা ও তুলা উন্নয়ন বোর্ডের ক্যাশিয়ার ফেরদৌস আলম।
দুদক সূত্রে জানা যায়, সদর উপজেলার রামডুবিরহাট এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. ফরহাদ হোসেন দুদকে একটি অভিযোগ করে। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার বাবা দিনাজপুর তুলা উন্নয়ন বোর্ডের গো-পালক পদে চাকরিরত অবস্থায় ২০১২ সালে অবসরে যান। সে সময় পেনশন বাবদ ১ লাখ ২০ হাজার টাকা কম দেয় জেলা হিসাবরক্ষণ অফিস। ২০১৬ সালে তার বাবা মারা গেলে মায়ের নামে পেনশন উত্তোলন করা হচ্ছে। এর মধ্যে ওই ১ লাখ ২০ হাজার টাকা পেতে তিনি হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করেন। গত আগস্টে আনোয়ার বিষয়টি নিয়ে ফরহাদকে তুলা উন্নয়ন বোর্ডের ক্যাশিয়ার ফেরদৌসের সঙ্গে কথা বলতে বলেন। ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করলে ফরহাদকে বলা হয়, তার বাবার পেনশনের ১ লাখ ২০ হাজার টাকা পেতে হলে ৪০ হাজার টাকা ঘুষ দিতে হবে। এ অবস্থায় আনোয়ার ও ফেরদৌসকে ১০ হাজার টাকা দেন ফরহাদ। কিন্তু বাকি টাকা দেওয়া না হলে কাজ হবে না বলে জানিয়ে দেন তারা। পরে ফরহাদ বিষয়টি দুদককে জানান। সেই অনুযায়ী রবিবার ফাঁদ পাতে দুদক। দুদকের পাতা ফাঁদে ধরা দেন ওই দুই কর্মকর্তা। ঘুষের ৩০ হাজার টাকাসহ আটক করা হয় তাদের। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়।
দুদক জানায়, সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের সহকারী পরিচালক মো. আহসানুল কবীর পলাশের নেতৃত্বে ৭ সদস্যের টিম জেলা হিসাবরক্ষণ অফিসে অভিযান চালিয়ে আটক করে তাদের।