নাছিমা বেগম মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব নাছিমা বেগম। গতকাল রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯’ এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন। তিনি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে থাকাকালীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান নাছিমা বেগম সর্বশেষ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব ছিলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব থাকাকালীন গত ৯ জানুয়ারি অবসর ছুটিতে যান তিনি।

জাতীয় মানবাধিকার কমিশনের দায়িত্ব চালিয়ে আসা কাজী রিয়াজুল হকের মেয়াদ গত ১ জুলাই শেষ হয়। এরপর থেকে গত ৬ আগস্ট পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম।

অপর এক প্রজ্ঞাপনে সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদকে সার্বক্ষণিক সদস্য হিসেবে এবং আরও ছয়জনকে কমিশনের অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অবৈতনিক সদস্যরা হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট তৌফিকা আফতাব, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম জেসমিন আরা বেগম, মিজানুর রহমান খান এবং সাবেক সচিব ড. নমিতা হালদার।