রোহিঙ্গা ইস্যুতে বিশৃঙ্খলা ও উসকানি দিয়ে বিরোধী দল চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রবিবার কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ে জেলার ৮টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করে বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের উদ্যোগের ঘাটতি নেই; বিশৃঙ্খলা ও উসকানি না দিয়ে এই সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করুন। কারণ এ দেশটা আমাদের সবার।
ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকারের কূটনৈতিক চেষ্টা অব্যাহত রয়েছে। সে লক্ষ্যে অসুস্থ শরীর নিয়েও জাতিসংঘে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে চীন-ভারতের সঙ্গেও আলোচনা করা হচ্ছে। যেহেতু তাদের ভূমিকাটা বেশি কাজে আসবে।
রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বেসরকারি সংস্থাগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছু কিছু এনজিও রোহিঙ্গাদের বিএনপির মতো উসকে দিচ্ছে। কোনো এনজিও যদি মানবিক সেবার আড়ালে সরকারবিরোধী কাজ করে তাদের আমাদের দরকার নেই। প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।