ছাত্রলীগের ‘ভুয়া’ স্লোগান

ঢাবিতে পূর্ণাঙ্গ সহাবস্থান চায় ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ সহাবস্থান ও গণতান্ত্রিক পরিবেশ তৈরির দাবি করেছেন ছাত্রদলের নতুন নেতৃত্ব। গতকাল রবিবার মধুর ক্যান্টিনে সাংবাদিকদের কাছে এ দাবি জানান ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

গত বুধবার রাতে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হওয়ার পর গতকাল নেতাকর্মীদের নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন স্লোগান দেন তারা।

ফজলুর রহমান খোকন বলেন, ‘ছাত্রদল সবসময় সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে। কোটা সংস্কার, নিরাপদ সড়ক ও ভ্যাট আন্দোলনে সরাসরি না থাকলেও আমরা শিক্ষার্থীদের সহযোগিতা করেছি। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সমস্যা হচ্ছে। আমরা সেখানেও ছাত্রদের অধিকার নিয়ে কাজ শুরু করে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘ঢাবিতে এখন গণতান্ত্রিক পরিবেশ নেই। সহাবস্থানও আংশিক। আমরা পূর্ণাঙ্গ সহাবস্থান দাবি করছি।’

সাধারণ সম্পাদক শ্যামল বলেন, ‘ঢাবি ক্যাম্পাসে পূর্ণাঙ্গ সহাবস্থান বিষয়ে ব্যবস্থা নিতে আমরা উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সঙ্গে আলোচনা করব। ভিন্নমত ধারণ করায় সাধারণ শিক্ষার্থীরা হলপর্যায়ে থাকতে পারছে না। নগর পুড়লে দেবালয় এড়ায় না। ছাত্র বিস্ফোরণের আগেই সারা দেশে শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করতে হবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, খোকন ও শ্যামল বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনে আসেন। ঢুকেই তারা আগে থেকে অবস্থান করা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঙ্গে কুশল বিনিময়ে এগিয়ে যান। এ সময় পাশ থেকে সরকার সমর্থক ছাত্রলীগের কর্মীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন। ছাত্রদলের কর্মীরাও নানা স্লোগান দেন। তবে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা তৈরি হয়নি। মধুর ক্যান্টিনে প্রায় ৩০ মিনিট অবস্থানের পর নেতাকর্মীদের নিয়ে খোকন ও শ্যামল কার্যালয়ে গিয়ে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।