‘সরকারকে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দেশটা এখন জুয়াড়িদের দেশ হয়ে গেছে। এই সরকারকে যদি আমি বলি জুয়াড়ি সরকার, আমার অপরাধ হতে পারে না। কারণ, সরকার সব দিক থেকে ব্যর্থ হয়ে এখন জুয়ায় আশ্রয় নিয়েছে।’
গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মহিলাদল এ মানববন্ধনের আয়োজন করে।
তিনি বলেন, ‘ভোটারবিহীন অবৈধ বর্তমান স্বৈরাচার সরকার ভাবছে জুয়া খেলে যদি কোনো রকমে ক্ষমতায় টিকে থাকা যায়। কিন্তু যাবে না, কারণ এটা হচ্ছে গণতন্ত্রকামী মানুষের দেশ। এটা বাংলাদেশ।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে আওয়ামী লীগের ছোট নেতা, পাতি নেতাদের দাপটে দেশে থাকা যাচ্ছে না। সরকারি কর্মচারীরা চুপচাপ চলে যায় মানসম্মান, ইজ্জত নিয়ে। যা হুকুম করে তাই করতে হয়। চাঁদা দাও নয়তো যাও। আজকে মাটি খুঁড়ে বেরিয়ে আসছে সরকারের পাপের ইতিহাস। কেঁচো খুঁজতে গিয়ে সাপ বের হয়ে আসছে।’
তিনি বলেন, ‘আজকে সরকারের লোকেরা ইচ্ছেমতো মানুষ খুন করে, ক্রসফায়ার করে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে অবাধে। আমাদের নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়া হয়, জিজ্ঞাসা করলে বলা হয় জানি না। নিখুঁতভাবে গুম হয়ে যায় মানুষ। আমাদের এমপি পর্যন্ত বাদ যায়নি।’
গত এক বছরে বিদেশে ২৭ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে দাবি করে তিনি আরও বলেন, ‘ক্যাসিনোগুলোতে কাজ করে বিদেশিরা এবং তারাই দেশের টাকা বিদেশে পাচার করছে।’
ফখরুল বলেন, ‘আমরা কোর্টে যাই জামিনের জন্য। বিচারপতি সব বক্তব্য শুনে চলে যান। বলেন, ‘পরে আদেশ দেব’। যখন উপর থেকে নির্দেশ আসে, তখন পরে তিনি আদেশ দেন। এখন দেশে বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে।’
মির্জা ফখরুল বলেন, ‘অনেকে দোষারোপ করেন পুলিশকে। পুলিশ কী করবে? উপর মহল থেকে যা হুকুম হয়, নির্দেশ হয় পুলিশের তা পালন করতে হয়। তারা হুকুম দিয়েছে ‘দেশে যারা গণতন্ত্র চায়, তাদের মার’, পুলিশ হুকুমমতো মেরেছে। হুকুম দিয়েছে ‘নির্বাচনের সব কেন্দ্র দখল কর’, পুলিশ করেছে।’
আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য দেন।