নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর এলাকার চরঘাটিনা ধনচেখেত থেকে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ সেতু খাতুন (২০) নামের এক বাঁক প্রতিবন্ধী গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।

নিহত সেতু খাতুন উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের কারী প্রামাণিকের স্ত্রী ও ঘাটিনা মধ্যপাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ জানান, ৪ বছর আগে উল্লাপাড়া গুচ্ছ গ্রামের রেজাউল করিমের সাথে বাঁক প্রতিবন্ধী সেতুর বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে বিয়ের ৬ মাস পর সেতুকে তালাক দেয় রেজাউল। এরপর থেকে সেতু তার বাবার বাড়িতেই বসবাস করে আসছিল।

এ অবস্থায় গত ৩ মাস আগে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের কারী প্রামাণিকের সাথে সেতুর দ্বিতীয় বিয়ে হয়। গত শুক্রবার থেকে সেতু খাতুন হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না।

এরপর সোমবার সকালে স্থানীয়রা চরঘাটিনা গ্রামের একটি ধনচেখেতে সেতুর অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত সেতুকে ৩/৪দিন আগে শ্বাসরোধে হত্যার পর লাশ ওখানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। তার গলায় কালচে দাগ রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।