নওগাঁয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

নওগাঁয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বিএনপি নেতার নাম ওয়াহেদ আলী (৪০)। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

 রোববার বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী হাটে বিএনপির দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ওয়াহেদ আলীসহ উভয়পক্ষে অন্তত সাতজন আহত হন।

স্থানীয় বিএনপি ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টার দিকে উপজেলার খড়িবাড়ী বাজারে ওয়াহেদ আলীর নেতৃত্বে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির কর্মীদের নিয়ে সভা করছিলেন। সভা চলার একপর্যায়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক ইমরান হোসেন কর্মী-সমর্থক নিয়ে ওই সভায় উপস্থিত হন। এক পর্যায়ে উভয়পক্ষে মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে সাত নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ওয়াহেদ আলীসহ কয়েকজনকে গুরুতর অবস্থায় রোববার বিকেলেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্যরা নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টার দিকে ওয়াহেদ আলীর মৃত্যু হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ‘বাহাদুরপুর ইউনিয়নে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে সংঘর্ষের ঘটনায় রোববার সন্ধ্যায় বিএনপির ছাদরুল আমীন চৌধুরী বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানসহ ১০ থেকে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’