জনগণকে ভূমিবিষয়ক সেবা দিতে আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অত্যাধুনিক হটলাইন কার্যক্রম। ১৬১২৩ নম্বরে ফোন করে ২৪ ঘণ্টা মিলবে জমিজমা সংক্রান্ত সব সেবা। অভিযোগকারীর পরিচয় গোপন রেখেই দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি, জরুরি অভ্যন্তরীণ যোগাযোগসহ অন্যান্য কার্যক্রমও থাকবে এই হটলাইনের আওতায়।
গতকাল সোমবার মতিঝিলের বিআইডব্লিউটিএ ভবনের ভূমি সংস্কার বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়
সভায় এ তথ্য জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সে সময় তিনি বলেন, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে জনগণকে ভূমিসেবা দেওয়ার ক্ষেত্রে এটা একটা মাইলফলক।
হটলাইন চালুর উদ্দেশ্য নিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা ভূমি মন্ত্রণালয়ের প্রতিটি অফিসে স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। ভূমি অফিসের অনিয়মের অভিযোগগুলো জনগণের কাছ থেকে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যেই মূলত হটলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’
এর আগে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত ৭৪ জন সহকারী কমিশনারকে (এসি ল্যান্ড) নিয়ে আয়োজিত সভায় কথা বলেন মন্ত্রী। প্রশিক্ষণার্থী এসি ল্যান্ডদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে যাওয়ার নির্দেশ দেন তিনি। এ ছাড়া এসি ল্যান্ডদের নিজ নিজ অধিক্ষেত্রে অবস্থিত সরকারি খাস জমির পূর্ণাঙ্গ তালিকা করার নির্দেশও দেন তিনি।
বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনার সভাপতিত্বে মতবিনিময় সভায় ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আবদুল হকসহ মন্ত্রণালয় ও বোর্ডের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।