হিসাব চাইল দুদক রাজনীতি ছাড়লেন বিএনপি নেতা

দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পদের হিসাব বিবরণী চেয়ে নোটিস দেওয়ায় বিএনপির বিভিন্ন পদ থেকে পদত্যাগ করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন বগুড়ার ব্যবসায়ী, চার তারকাখচিত হোটেল নাজ গার্ডেনের মালিক মোহাম্মদ শোকরানা। গতকাল

সোমবার বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্যসহ দলীয় সব পদ থেকে পদত্যাগ করেন তিনি। তার পদত্যাগপত্র গতকাল পাঠানো হয়েছে বিএনপির মহাসচিবের কাছে।

শোকরানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর তার সম্পদের হিসাব বিবরণী চেয়ে নোটিস দেয় দুদক। তাকে আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়। নোটিস পাওয়ার পাঁচ দিনের মাথায় তার দল থেকে পদত্যাগ তাই বেশ চাঞ্চল্যেরও সৃষ্টি করেছে।

নিজের স্বাক্ষরিত পদত্যাগপত্রে শোকরানা উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে দলের সব পদ থেকে পদত্যাগ করলেন। জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে তার কোনো সম্পর্ক আর থাকল না।

জানা যায়, ১৯৭২ থেকে ’৭৫ পর্যন্ত শোকরানা বগুড়ায় যুবলীগের নেতৃত্ব দিয়েছেন। বগুড়ার কিবরিয়া হত্যার ঘটনায় তার যাবজ্জীবন কারাদ- হয়। ওই মামলায় তিনি সোয়া ছয় বছর জেল খাটেন। পঁচাত্তরের ১৫ আগস্ট তিনি গ্রেপ্তার হন। ১৯৮১ সালে বিচারপতি আবদুস সাত্তার ক্ষমতায় এলে ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে তিনি সাধারণ ক্ষমায় মুক্তি পান। পরে ১৯৯৯ সালে তারেক রহমানের হাত ধরে বিএনপিতে যোগ দেন শোকরানা। এরপর বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিলেও তিনি পরাজিত হন। পরে তিনি বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সদস্য হন।