কলেজছাত্রীর ভাইকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রীর ভাইকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার দায়ে এক কলেজছাত্রের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত উজ্জল ইসলাম ওরফে উজ্জল শেখ (২৮) কুষ্টিয়া সদর উপজেলার হাতিয়া পূর্বপাড়া গ্রামের খবির উদ্দিন সেখের ছেলে।

আদালত সূত্রে জানায়, ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র উজ্জল সহপাঠী ছাত্রীর কাছ থেকে একাধিকবার প্রেমে প্রত্যাখ্যাত হয়েও ওই ছাত্রীর বাড়ি মিরপুর উপজেলার বালিয়াসিসা গ্রামে গিয়ে হাজির হন। সেখানে ছাত্রীর ভাই আব্দুল্লাহ বাড়ির ভেতরে ঢুকতে বাধা দেয়।

এ সময় উজ্জলের কাছে থাকা ধারালো চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করেন আব্দুল্লাহকে। তার চিৎকার শুনে মা সুফিয়া খাতুন ও চাচাত ভাই শাজাহান আলী ঠেকাতে গেলে তাদেরও চাকু দিয়ে উপর্যুপরি আঘাতে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোক জড়ো হয়ে উজ্জলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি মিরপুর থানায় নিহতের বাবা আসলাম শেখের করা হত্যা মামলায় একমাত্র আসামি করা হয় উজ্জলকে। মামলাটি তদন্ত শেষে আসামি উজ্জলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, সহপাঠী কলেজছাত্রীকে উত্ত্যক্তের জেরে ছাত্রীর ভাইকে হত্যা মামলায় আসামি উজ্জলের বিরুদ্ধে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

মামলটির আসামি পক্ষের কৌঁসুলি ছিলেন অ্যাডভোকেট তানজিলুর রহমান এনাম।