ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। ডানহাতি পেসারকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল টেস্ট সিরিজের কথা ভেবেই। পিঠের নিচে হালকা ফ্র্যাকচার রয়েছে বুমরাহর। আর সে কারণেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ঘরের মাঠে তার আর নামা হচ্ছে না।
উইন্ডিজের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দু’ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন বুমরাহ। তার মধ্যে একটি হ্যাটট্রিকও ছিল। দেশের হয়ে ১২টি টেস্ট খেলেছেন বুমরাহ। সবগুলো ম্যাচই ছিল প্রতিপক্ষের মাঠে। দেশের মাটিতে তাই প্রথম টেস্ট খেলার অপেক্ষা বাড়ল ২৫ বছর বয়সী বুমরাহর। কবে তিনি মাঠে ফিরতে পারবেন সেটিও নিশ্চিত হয় এখনো।
বুমরাহর জায়গায় দলে নেওয়া হয়েছে উমেশ যাদবকে। ২০১৮ অস্ট্রেলিয়া সফরের পর তিনি আর টেস্ট খেলেননি। ২ অক্টোবর বিশাখাপত্তনমে দুই দলের প্রথম টেস্ট। পরের দুটো টেস্ট হবে পুনে ও রাঁচিতে।
ভারতীয় টেস্ট দল
বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, ঋষভ পান্ত, ঋদ্ধিমান সাহা, রবিচন্দন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা ও শুবমান গিল।