মাদারীপুরে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদের অব্যাহত ভাঙনরোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার সাধারণ মানুষ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সাহেবরামপুর এলাকার লঞ্চঘাটে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থীসহ ভিটেবাড়ি হারানো কয়েকশ মানুষ। ভাঙনরোধে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

মানববন্ধন থেকে বক্তারা সরকারি বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদ, বাজার, কয়েকশ বসতবাড়ি এবং হাজারো কোটি টাকার সম্পদ রক্ষায় দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানান। একইসঙ্গে এই ভাঙন রোধ করা না হলে ভৌগোলিক পরিবর্তন পরিবেশ বিপর্যয়ের আশঙ্কার কথাও জানান।

বক্তারা বলেন, গত ১০ বছর ধরে অব্যাহত এ ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ১০ হাজার ঘরবাড়িসহ কয়েক হাজার কোটি টাকার সরকারি-বেসরকারি স্থাপনা। একই সঙ্গে ক্ষয়ক্ষতি হয়েছে ছোট-বড় ১০টি হাটবাজার, ৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসা, ১৫ কিলোমিটার কাঁচা-পাকা রাস্তা, ১০ কিলোমিটার বেড়িবাঁধ এবং ৫ হাজার একর ফসলি জমি।

এ সময় দ্রুত নদী ড্রেজিংয়ের মাধ্যমে স্রোতের চ্যানেল পরিবর্তন এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানানো হয়। সেইসঙ্গে দুই ইউনিয়নের প্রায় বিশ হাজার মানুষের জানমালের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিও তোলা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত কয়েক জায়গায় প্রশাসনের পক্ষ থেকে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন রোধের চেষ্টা চলছে।’

মানববন্ধনে বক্তব্য রাখেন ৭১ নম্বর স্বস্থাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন, স্থানীয় ব্যবসায়ী মো. আলী আকবর বেপারী, রমজান ভূইয়া, বাবুল বেপারী, আরিফ ভূইয়া, বাচ্চু সরদার ও বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুর রহিম প্রমুখ।