নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার সময় এক ভুয়া পুলিশকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় জনতার হাত থেকে ভুয়া পুলিশকে উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ।
মঙ্গলবার রাতে কলমাকান্দা উপজেলার পূর্ব বাজার থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ভুয়া পুলিশ কলমাকান্দা থানার উপ-পরিদর্শক পরিচয়ে পূর্ব বাজারের একা ফার্নিচারের দোকান থেকে কৌশলে ২০ হাজার টাকা নিয়ে যায়।
তাৎক্ষণিক আবারো ১০ হাজার টাকা দাবি করলে দোকান মালিকের সন্দেহ হলে কলমাকান্দা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার কাছ থেকে তাকে আটক করে।
আটক ওই প্রতারক নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে রেজা শামীম আহম্মেদ ( ৩৪)।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম খান বলেন, ‘গ্রেপ্তার শামীম পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার ঘটনায় মঙ্গলবার রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’