যুবলীগের চাঁদাবাজিতে অতিষ্ঠ অটোরিকশা চালকদের বিক্ষোভ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার ও আশপাশ এলাকায় স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে বিক্ষোভ মিছিল করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালক ও মালিকরা।

বুধবার সকাল সাড়ে ১১টায় প্রায় শতাধিক চালক ও মালিক বিক্ষোভ মিছিল বের করে হায়দরগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তবে স্থানীয় যুবলীগ নেতারা চাঁদা দাবির বিষয়টি মিথ্যা প্রচারণা বলে দাবি করেন।

মিছিল শেষে উত্তেজনা বিরাজ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রায়পুর থানার অফিসার ইনচার্জ মো. তোতা মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমুল হোসেন রাজুর নেতৃত্বে ব্যাটারি চালিত অটোরিকশা থেকে দৈনিক চাঁদা আদায় করা হয়। এছাড়া প্রতি মাসে জনপ্রতি চালককে ৩শ টাকা হারে চাঁদা দিতে হয়। হায়দরগঞ্জ বাজার ও আশপাশ এলাকায় প্রায় ৫ শতাধিক ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে। প্রশাসনিক হস্তক্ষেপ বা কোন তদারকি না থাকায় দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজি চলে আসছে।

অটোরিকশা চালক জুলহাস জানান, প্রতিদিন এবং মাসিক চাঁদা না দিলে নাজেহাল হতে হয়। অনেক সময় দুর্ব্যবহার করে অটোরিকশার চাবি ছিনিয়ে নেয়া হয়। আমরা নিয়মিত চাঁদা দিই অথচ যাত্রীদের নিয়ে সব রাস্তায় যাতায়াত করতে পারি না। সিএনজিকে সুবিধা দেওয়ার জন্য বাধা দেয়। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আমরা অটোরিকশা কিনে মানবেতর জীবন যাপন করছি। চাঁদাবাজি বন্ধ না হলে আমাদের পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে।

স্থানীয় যুবলীগের আহ্বায়ক নাজমুল হোসেন রাজু মোবাইলে জানান, চাঁদাবাজির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষে একটি কুচক্রীমহল আমার ও স্থানীয় যুবলীগের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ মো. তোতা মিয়া বলেন, এ বিষয়ে আমার কাছে লিখিত বা মৌখিক কোনো অভিযোগ আসেনি। তবে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।