টেলিভিশন টক শোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও সরকার উৎখাতের উসকানি দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে খুলনায় মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে খুলনা মহানগর হাকিমের আমলি আদালতে মামলাটি করেন খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী। মামলার অভিযোগে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে শামসুজ্জামান দুদু বলেন, যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে সেভাবে শেখ হাসিনারও বিদায় হবে। এ বক্তব্যের মাধ্যমে তিনি (শামসুজ্জামান দুদু) প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি ও রাষ্ট্রদ্রোহিতায় উসকানি দিয়েছেন।