নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পৌর এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতেই প্রাণ গেল বিদ্যুতের ঠিকাদারের শ্রমিক নূরে আলম (৩৫) নামে এক যুবকের। নূরে আলম পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মঙ্গলসিদ্ধ গ্রামের আ. কুদ্দুছ মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বেলা দুইটার দিকে কেন্দুয়া পৌর সদরের দিগদাইর গ্রামে।
কেন্দুয়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম আকতারুজ্জামান লস্কর জানান, আমাদের অবহিত না করে জীবন বাবু নামে ঠিকাদারের ভাগ্নে সুমিত সরকারের মাধ্যমে লাইন নির্মাণের কাজ করছিলেন নূরে আলম। তিনি ১ নম্বর ফিডারের ব্যারেল ফেলে রেখে দূরের একটি খুঁটিতে উঠে বিদ্যুতের কাজ করছিলেন। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় এলাকার গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পল্লী বিদ্যুতের লোক গিয়ে ফিডারের ব্যারেল সংযোগ দেন। সঙ্গে সঙ্গে খুঁটির ওপরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। এ ব্যাপারে মামলা হবে।
কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।