বিশ্বে অতি ধনী ২,৬৫,৪৯০ জন

তিন কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২৫০ কোটি টাকারও বেশি সম্পদের মালিক রয়েছেন বিশ্বে ২ লাখ ৬৫ হাজার ৪৯০ জন।  তবে গত বছর তাদের মোট সম্পদের পরিমাণ আগের বছরের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ কমে ৩২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে নেমেছে।  ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ-এক্সের গতকাল প্রকাশিত প্রতিবেদনে এ তথ্যের উল্লেখ রয়েছে।

সংস্থাটির গত বছরের প্রতিবেদনে বিশ্বে অতি ধনী বাড়ার হার বিবেচনায় শীর্ষে ছিল বাংলাদেশের নাম। ২০১২ সাল থেকে বাংলাদেশে অতি সম্পদশালী বৃদ্ধির হার ছিল ১৭ দশমিক ৩ শতাংশ। তবে এবারের প্রতিবেদনে অতি ধনী বৃদ্ধির হার অনুযায়ী কোনো তথ্য উল্লেখ করা হয়নি। অতি ধনীদের সবচেয়ে বেশি বসবাস এমন ১০টি করে দেশ ও শহরের নাম আছে এবারের প্রতিবেদনে, তাতে বাংলাদেশ বা ঢাকার কথা উল্লেখ নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে বিশ্বে অতি ধনীদের মধ্যে ৩৮ হাজার ৭০০ জন নারী রয়েছেন, এ সংখ্যা অতি ধনীদের ১৪ দশমিক ৬ শতাংশ। অতি ধনীদের সম্পদের মধ্যে নগদ অর্থের পরিমাণ ৩৬ দশমিক ৫ শতাংশ।

শীর্ষ ১০ অতি ধনীর দেশের তালিকায় রয়েছেÑ যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য, হংকং, ইতালি ও সুইজারল্যান্ড। অতি ধনীদের বাস এমন শীর্ষ ১০ শহরের মধ্যে রয়েছেÑ নিউ ইয়র্ক, হংকং, টোকিও, লস অ্যাঞ্জেলেস, লন্ডন, প্যারিস, শিকাগো, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি ও ডালাস।