মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে স্কুলছাত্র এবং লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎস্পর্শে কলেজছাত্র মারা গেছেন।
গজারিয়ায় মেঘনার শাখা নদীতে গতকাল বুধবার বিকেলে মাছ শিকার করতে গেলে বজ্রপাতে মারা যায় মো. শরীফ (১৫) নামে এক স্কুলছাত্র। এ সময় মুন্না (১৬) নামে অন্য এক কিশোর আহত হয়। বেলা ৩টার দিকে উপজেলার চরবলাকী গ্রামসংলগ্ন মেঘনা শাখা নদীতে এ ঘটনা ঘটে। চরবলাকী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র শরীফ ওই গ্রামের আবদুর রশীদের ছেলে।
গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্কুলছাত্র শরীফ ও প্রতিবেশী কিশোর মুন্না নৌকায় করে মেঘনা শাখা নদীতে মাছ শিকার করতে যায়।
অন্যদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদুৎস্পর্শে মো. হিমেল (২০) নামে এক কলেজছাত্র মারা গেছেন। গত মঙ্গলবার বিকেলে নানার বাড়ি শোশালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হিমেল রামগঞ্জ উপজেলার শেখপুরা গ্রামের মুন্সী বাড়ির আবদুল কাদেরের ছেলে ও রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
হিমেলের বাবা আবদুল কাদের জানান, বিকেলে হিমেল তার নানার ঘরে ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যায়।