বিয়ের পিঁড়িতে বসছেন আজহারের ছেলে-সানিয়া মির্জার বোন

ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জার পরিবারে আবারও মেলবন্ধন হচ্ছে টেনিস ও ক্রিকেটের। খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সানিয়ার বোন আনম মির্জা ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের ছেলে আসাদউদ্দিন।

অনেক দিন ধরেই ডেটিং করছেন আনম ও আসাদ। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কেউই কখনো মুখ খোলেননি। তাহলে হঠাৎ কেন বিয়ে নিয়ে জল্পনা? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করেন আনম। যেখানে আনম বসেছিলেন, তার পেছনে কাচের জানলায় লেখা রয়েছে, ‘ব্রাইড টু বি’। এই ছবি থেকেই বিয়ের জল্পনার জন্ম।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আসাদ ও আনমের অনেক ছবি দেখা গিয়েছে। বিভিন্ন সময় আনম ইনস্টাগ্রামে আসাদের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। এসব দেখেই দুইয়ে দুইয়ে চার করেছেন নেটিজেনরা।

প্রসঙ্গত ২০১৬ সালে প্রথমবার বিয়ে হয় আনমের। দু’বছর পর সে বিয়ে ভেঙেও যায়। আজহার-পুত্র ক্রিকেটার হলেও তেমন নাম করতে পারেননি। খেলেছেন মাত্র দুটো প্রথম শ্রেণির ম্যাচ।

সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিয়ে সাম্প্রতিক কালে খেলার দুনিয়ার ‘হাই-প্রোফাইল ওয়েডিং’ বলে খ্যাত হয়ে আছে।