মানববন্ধনে নোমান

সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়তে হবে

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করেছে, দেশের জনগণের বিরুদ্ধে কাজ করে। তাই এই সরকারের বিরুদ্ধে ১৯৭১ সালের মতো জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নোমান বলেন, মধ্যবর্তী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ছাড়া অন্য কোনো পন্থায় এ সরকারের পতন সম্ভব নয়। সেজন্য জাতি একটি মধ্যবর্তী নির্বাচন চায়। জাতি চায় অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে দিয়ে পুনরায় নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।