আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধানের দায়িত্ব নিচ্ছেন বুলগেরিয়ান অর্থনীতিবিদ ক্রিস্টিলিনা জর্জিয়েভা। এর আগে বিশ^ব্যাংকের প্রধান নির্বাহীর (সিইও) দায়িত্ব পালন করেছেন তিনি। আইএমএফের বর্তমান প্রধান ক্রিস্টিন লাগার্দে প্রধান হিসেবে যোগ দেবেন ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকে (ইসিবি)। তারই স্থলাভিষিক্ত হবেন জর্জিয়েভা। উদীয়মান অর্থনীতির দেশ থেকে তিনিই প্রথম আইএমএফের নেতৃত্ব দিতে যাচ্ছেন। ১ অক্টোবর থেকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করবেন তিনি।
৬৬ বছর বয়সী এই অর্থনীতিবিদ বুলগেরিয়ার সোফিয়ার কার্ল মার্কস হাইয়ার ইনস্টিটিউট অব ইকোনমিক্সে রাজনৈতিক অর্থনীতি ও সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। সে সময় বুলগেরিয়া কমিউনিস্ট শাসনের অধীনে ছিল। ১৯৭৬ সালে স্নাতক করার পর লন্ডন স্কুল অব ইকোনমিক্সে পড়তে গিয়ে যুক্তরাজ্যে পুঁজিবাদ সম্পর্কে প্রথম প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন জর্জিয়েভা। বিশ^ব্যাংকের পাশাপাশি ইউরোপীয় কমিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।