উখিয়ায় এক পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্বরত্না গ্রামে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে ঘরের ভেতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা হত্যাকাণ্ডের অনেক ক্লু পেয়েছে।

নিহতরা হলো ওই গ্রামের মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া (৬৫), তার ছেলে রোকেন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া (২৪), ছেলে রবিন বড়ুয়া (৫) ও সনি বড়ুয়া(৬)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রুমে গলাকাটা অবস্থায় সখী বড়ুয়ার লাশ দেখতে পায় তারা। পরে অন্য একটি রুমে মিলা, রবিন ও সনি লাশ দেখে। রত্নাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার আহমদ বলেন, ‘ধারণা করা হচ্ছে, ঘরে ঢুকে এ হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।’ এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী বলেন, এ ধরনের হত্যাকাণ্ড মর্মান্তিক। দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কামাল হোসেন ও পুলিশ সুপার এ বি এম মাসুম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উখিয়া থানার ওসি আবুল মনসুর, ওসি (তদন্ত) নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। ওসি আবুল মনসুর চারজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।  পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। হত্যাকান্ডের অনেক ক্লু পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এসব ক্লু প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সিআইডির ক্রাইম সিন টিম প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। বেলা ৩টার দিকে পিপিআইয়ের ফরেনসিক টিম ঘটনাস্থলে এসেছে।