বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব সাংসদ মাহী বি চৌধুরী এবং তার স্ত্রী আশফাহ্ হকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া একটি ব্যাংক হিসাবের অর্থ উত্তোলন ও স্থানান্তরও স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংকগুলোতে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেয়। ওই চিঠিতে মাহী ও তার স্ত্রীর জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর ও ঠিকানা উল্লেখ করা হয়েছে।
বিএফআইইউয়ের চিঠিতে তাদের হিসাবে বিভিন্ন ব্যাংকে কী পরিমাণ টাকা জমা আছে এবং এসব হিসাবে কারা টাকা জমা দিয়েছে ও উত্তোলন করেছে তা জানতে চাওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে ব্যাংকগুলোকে এসব তথ্য দিতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংকগুলোতে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেয় বিএফআইইউ।
এর আগে গত ২৫ আগস্ট অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে মাহী বি চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মাহীর স্ত্রী আশফাহ্ হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও সেদিন তিনি দুদকে যাননি। তাদের দুজনকে তলব করে পাঠানো ওই চিঠিতে দুদক জানায়, মাহী বি চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
মাহী বি চৌধুরী সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে এবং বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও যুগ্ম মহাসচিব।