গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে বাড়িতে ঢুকে কুপিয়ে স্বামী-স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতের কোনো এক সময় নগরীর ৪১নং ওয়ার্ডের পূবাইলের বসুগাঁও পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বসুগাঁও পূর্বপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে আবুল কালাম (৩৯) ও তার স্ত্রী পুতুল বেগম (২৫)। এই দম্পতির দুই বছরের একটি ছেলে রয়েছে।
৪১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বজলুর রহমান বাছির জানান, আবুল কালাম বেকার ছিলেন। নিহত পুতুল তার তৃতীয় স্ত্রী। তিনি স্থানীয় জেম টেক্স সোয়েটার কারখানায় চাকরি করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পূবাইল থানার এসআই নুরুজ্জামান জানান, গতকাল বৃহ¯পতিবার সকালে শিশুটি ঘুম থেকে জেগে কান্নাকাটি শুরু করে। কান্না শুনে আশপাশের লোকজন ধাক্কা দিলে দরজাটি খুলে যায়। পরে স্থানীয়রা খাটের ওপর ওই দম্পতির রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। নিহত বাবা-মায়ের পাশেই রক্তমাখা শরীর নিয়ে শিশুটি কান্না করছিল। পরে স্থানীয়রা শিশুকে বাইরে নিয়ে যায় এবং পূবাইল থানায় খবর দেয়। স্থানীয়রা জানায়, নিহত আবুল কালাম আগে একটি সিএনজি অটোরিকশা ভাড়া দিয়ে সংসার চালাতেন। তা বিক্রি করে বেকার ছিলেন। কয়েক মাস আগে কিছু জমি বিক্রি করে বায়নাবাবদ ৩ লাখ টাকা পেয়েছিলেন। তিনি আরও দুটি বিয়ে করেছিলেন, প্রথম সংসারে তার একটি মেয়ে রয়েছে।
পূবাইল থানার ওসি মো. নাজমুল হক ভূঁইয়া জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকা- হয়েছে। ঘরের মেঝেতে মরিচের গুঁড়া ছড়িয়ে-ছিটিয়ে অবস্থায় ছিল। নিহত দম্পতির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এ হত্যাকা- ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
সকালে খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলেও জানান তিনি।