রাজধানীর খিলগাঁও ও খুলনার ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। তাদের দাবি, গত বুধবার গভীর রাতে এসব ঘটনা ঘটে। নিহতরা ছিনতাইকারী ও মাদক কারবারি ছিলেন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, রাত দুইটার দিকে খিলগাঁও নার্দ্দারপাড় বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাই হচ্ছে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল যায়। তখন সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। তখন গুলিবিদ্ধ হন তৌহিদ (৩৫)। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এদিকে র্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানি কমান্ডার আশরাফ জানান, বুধবার রাতে র্যাব সদস্যরা টহল দেওয়ার সময় জানতে পারেন ডুমুরিয়ার ধানিবুনিয়া শ্মশানঘাট এলাকায় একদল মাদক কারবারি অবস্থান করছে। সেখানে অভিযানে গেলে তারা গুলি চালায়। এ সময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে উপজেলার কৈয়া বাজার এলাকার বীরেন দের ছেলে বিকাশ কুমার দে (৪০) গুলিবিদ্ধ হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকাশের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ ২০টি মামলা রয়েছে জানিয়ে এই র্যাব কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, ৫৫ বোতল ফেনসিডিল ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে র্যাবের তিন সদস্য আহত হয়েছেন।