কাপাসিয়ায় লোডশেডিংয়ের সঙ্গে সঙ্গে চলে যায় মোবাইল নেটওয়ার্ক। ইন্টারনেটের কাজ তো দূরের কথা, ঘরের ভেতরে বসে ঠিকমতো মোবাইল ফোনে কথাও বলা যায় না। নামমাত্র থ্রিজি নেটওয়ার্ক পাওয়া যায়। মোবাইল নেটওয়ার্কের টাওয়ারের নিচে বসে ব্রাউজিং করলেও কোনো স্পিড থাকে না। অন্যদিকে বিদ্যুতের সঙ্গে মোবাইল নেটওয়ার্কের এই বন্ধুত্বের বিষয়টা অদ্ভুত। বিদ্যুৎ আছে তো মোবাইল নেটওয়ার্ক আছে, বিদ্যুৎ নেই তো নেটওয়ার্ক নেই। এমন সমস্যার শিকার হচ্ছেন উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের, প্রতিটি গ্রামের বাসিন্দারাই। পাওয়ার-ব্যাংক বা সৌর বিদ্যুতের মাধ্যমে মোবাইল ফোন চার্জ করা গেলেও নেটওয়ার্কের অভাবে মোবাইল ফোন যোগাযোগ অচল হয়ে পড়ে। ইন্টারনেটের সাহায্য নিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করা কোনোভাবেই সম্ভব হয় না। এমন কেন হচ্ছে, তা খতিয়ে দেখার জন্য মোবাইল ফোন সেবাদানকারী কোম্পানিগুলোর দৃষ্টি আকর্ষণ করছি। একই সঙ্গে কাপাসিয়া এলাকায় দীর্ঘদিন ধরে চলতে থাকা বিদ্যুতের লাগামহীন লোডশেডিং বন্ধের জন্যও সংশ্লিষ্ট
কর্র্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। কাপাসিয়াবাসীর এমন সব ভোগান্তি থেকে মুক্তি দিয়ে স্বাভাবিক জনজীবন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া জরুরি।
শামীম শিকদার, ভাকোয়াদী, কাপাসিয়া, গাজীপুর