গানের দুনিয়ায় হেভিওয়েট দুই গায়িকা জেনিফার লোপেজ ও শাকিরা এবার এক মঞ্চে একসঙ্গে গাইবেন। যুক্তরাষ্ট্রের সুপার বৌলের মধ্য বিরতিতে দেখা যাবে তাদের পরিবেশনা। আগামী বছর ২ ফেব্রুয়ারি হবে এটি। আমেরিকান টিভি চ্যানেল ফক্স স্পোর্টস ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছে, এবারই প্রথম একসঙ্গে সংগীত পরিবেশন করবেন লোপেজ ও শাকিরা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে গাইবেন তারা। অনুষ্ঠানটি প্রযোজনা করবে আরেক গায়িকা বিয়ন্সের স্বামী র্যাপার জে-জি’র বিনোদনমূলক প্রতিষ্ঠান রক নেশন।
শাকিরার সঙ্গে সুপার বৌলের মধ্য বিরতিতে গাইবেন ভেবে উচ্ছ্বসিত লোপেজ। তিনি বলেন, ‘আমরা মেয়েরা কী করতে পারি তা বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পরিবেশন করতে মুখিয়ে আছি।’
লোপেজের সঙ্গে গাওয়াটাকে সুযোগ হিসেবে দেখছেন শাকিরা। তার কথায়, ‘এটি সত্যিকারের একটি স্বপ্ন! চিরকাল যেন মনে থাকে এমন একটি অনুষ্ঠান করব আমরা।’
লোপেজ ও শাকিরা দুজনই নিজেদের টুইটার অ্যাকাউন্টে সুখবরটি দিয়েছেন। প্রথমে একে অন্যের ছবি শেয়ার দেন তারা। এরপর একসঙ্গে তোলা ছবি পোস্ট করেন। লোপেজ ক্যাপশনে লিখেছেন, ‘বিশ্বে আগুন ধরিয়ে দিতে যাচ্ছি!’ আর শাকিরার মন্তব্য, ‘এর চেয়ে ধামাকা আর কী হতে পারে! এমন সুযোগ পেয়ে আমি বেশ আনন্দিত।’
ন্যাশনাল ফুটবল লিগের অংশ সুপার বৌল চ্যাম্পিয়নশিপ হলো আমেরিকার টিভি চ্যানেলের জন্য সবচেয়ে বড় বার্ষিক অনুষ্ঠান। সূত্র : রয়টার্স।