যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হতেও বোধ হয় আর বেশি দিন লাগবে না সৌরভ গাঙ্গুলির। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বৃহস্পতিবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট হয়েছেন তিনি।
২০২০ সাল পর্যন্ত সিএবির প্রেসিডেন্ট থাকবেন সৌরভ। এরপর বোর্ডের সংবিধান অনুসারে ‘কুলিং-অফ পিরিয়ড’ শুরু হবে তার। ক্রিকেট থেকে অবসরের পর ২০১৪ সালে সিএবির যুগ্ম সচিব হয়েছিলেন। সাবেক বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর ২০১৫ সালে প্রথম সিএবির প্রেসিডেন্ট হয়েছিলেন সৌরভ। এবার দ্বিতীয়বারের মতো সিএবির প্রেসিডেন্ট হলেন।
হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিন। তিনি গতকাল ৭৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন প্রকাশ জৈনকে। নির্বাচনে পড়েছিল ২২৩ ভোট। যার মধ্যে আজহার পেয়েছেন ১৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকাশ জৈন পেয়েছেন ৭৩ ভোট। মাত্র ৩ ভোট পেয়ে তৃতীয় হন দিলীপ কুমার।