‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গাসহ নিহত ৩

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। বিজিবির দাবি, নিহতরা ইয়াবা পাচারকারী ছিলেন। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে। এদিকে ময়মনসিংহের তারাকান্দায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হন। ডিবি পুলিশ বলছে, বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মোকামিয়াকান্দা এলাকায় এ ঘটনায় নিহত ব্যক্তি ১৩ মাদক মামলার আসামি। প্রতিনিধিদের পাঠানো খবর :

কক্সবাজার : টেকনাফের ২ নম্বর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান জানান, উপজেলার নাফ নদীর মোহনা দিয়ে একটি ইয়াবার চালান আসছে এমন সংবাদে অভিযানে যায় বিজিবি। এ সময় পাচারকারীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে বিজিবি। পরে ঘটনাস্থল থেকে দিল আহমদ (১৮) ও দুস্ত মোহাম্মদ (১৮) নামে দুই রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় রোহিঙ্গাদের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের বাড়ি মিয়ানমারের আকিয়াব জেলার মংডু উপজেলার বুড়া সিকদারপাড়া। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ৭০ হাজার ইয়াবা, একটি দেশে তৈরি অস্ত্র ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ : জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, বৃহস্পতিবার মধ্যরাতে তারাকান্দার মোকামিয়াকান্দা এলাকায় মাদক কারবারিরা অবস্থান করছে এমন খবরে পুলিশ অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। তখন পুলিশও গুলি চালায়। একপর্যায়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় তারা। পরে গুলিবিদ্ধ অবস্থায় উপজেলার নলকাকরা গ্রামের আক্কাস আলীর ছেলে আবদুল করিমকে (৪৫) পাওয়া যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। করিমের বিরুদ্ধে থানায় ১৫টি মামলা রয়েছে, যার মধ্যে ১৩টি মাদক আইনে।

অভিযানে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন জানিয়ে ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।