প্রায় ৩০০ বছর আগের ফিলিপাইনের একটি মানচিত্র সম্প্রতি এক নিলামে ২ কোটি ৭০ লাখ ৯১ হাজার ৫১৯ টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ১৭৩৪ সালে স্প্যানিশ মানচিত্রকার মুরিল্লো ভেলার্দের আঁকা ফিলিপাইনের মানচিত্রের মাত্র ১৫টি কপি টিকে আছে, এমনটা ধারণা করা হয়।
এসেক্সের রেম্যান ড্যানসি নিলাম ঘরের ১৩৮ বছরের ইতিহাসে কখনো একখ- মানচিত্র এত দামে বিক্রি হয়নি। নিলামকারী ড্যানিয়েল রাইট এ বিষয়ে বলেন, ‘যারা পুরনো মানচিত্র সংগ্রহ করে, তাদের জন্য ফিলিপাইনের পুরনো এই মানচিত্র বহু মূল্যবান। এই মানচিত্রের মাত্র ১৫টি কপি আছে বলে জানা যায়। ওই কপিগুলোর অধিকাংশই ব্রিটিশ জাদুঘরের মতো প্রতিষ্ঠানে রয়েছে। মাত্র একটি রয়েছে ব্যক্তিমালিকানায়।’
এই অনলাইন নিলামে মানচিত্রটি কিনতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের ব্যাপক আগ্রহ দেখা যায়। আট শতাধিক মানুষ মানচিত্রটি কিনতে নিলামে অংশ নেয়। ফিলিপাইন যখন স্পেনের কলোনি ছিল, তখন ওই মানচিত্র আঁকা হয়েছিল। এক মিটার আয়তনের একটি কাগজে আঁকা মানচিত্রটির লিনেন কাপড় দিয়ে মোড়া অবস্থায় পাওয়া যায় সাবেক সংগ্রাহক ক্রিস্টোফার ব্রেসফোর্ডের সংগ্রহশালা থেকে। ঔপনিবেশিক ফিলিপাইনে মুরিল্লোর আঁকা মানচিত্রটিই ছিল একমাত্র নমুনা।
মানচিত্রে ফিলিপাইনের পুরো ভূখ-কে নিখুঁতভাবে তুলে ধরা হয়। এতে নৌচলাচলের রাস্তা ছাড়াও চীনের সঙ্গে বাণিজ্যের পথও আঁকা রয়েছে। এ ছাড়া আছে ফিলিপাইনের বিভিন্ন অংশের খনিজ সম্পদ ও জাতিগোষ্ঠীর বিবরণ। বিশ্লেষকরা বলেন, মানচিত্রের মাধ্যমে বোঝা যায়, তৎকালীন সময়ে ওই অঞ্চল থেকে ব্যাপক পরিমাণ স্বর্ণ, মধু, চিনি, তামাক ও আদা রপ্তানি করা হতো। ইউরোপীয় মানচিত্রের আদলে এর আগে এশিয়ার ওই অঞ্চলে কোনো মানচিত্র তৈরি করা হয়নি।
২০১৬ সালে চীনের সঙ্গে ভূ-সীমানাসংক্রান্ত এক জটিলতা নিষ্পত্তিতে ওই মানচিত্রকে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়েছিল।