মেঝেয় স্ত্রী চেয়ারে স্বামীর লাশ, পুলিশ বলছে হত্যা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাসার একটি ঘরের মেঝে থেকে এক গৃহবধূর এবং অন্য একটি ঘরে চেয়ারে বসা অবস্থায় তার স্বামীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে পৌর এলাকার বানিয়াপাড়া মহল্লার বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এই দম্পতিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহতরা হলেন নাগেশ্বরীর মাস্টারপাড়া এলাকার ছকিয়ত উল্ল্যাহর ছেলে নজরুল ইসলাম ম্যানা (৫৫) এবং তার দ্বিতীয় স্ত্রী রুমি (৩৩)। নাগেশ্বরী থানার ওসি মো. রওশন কবির দেশ রূপান্তরকে জানান, নিহত নজরুল এলাকায় দাদন ব্যবসায়ী (সুদে টাকা খাটানো) হিসেবে সুপরিচিত ছিলেন। এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে তার বিপুল পরিমাণ টাকার লেনদেন ছিল। দ্বিতীয় স্ত্রী রুমি ও এক বছরের ছেলেকে নিয়ে বানিয়াপাড়া এলাকার ওই বাড়িতে থাকতেন তিনি। প্রথম স্ত্রী দুই ছেলে ও তিন মেয়েকে নিয়ে অন্য একটি বাড়িতে থাকেন। গত বৃহস্পতিবার দ্বিতীয় স্ত্রী রুমি বেগমের কাছে ছিলেন নজরুল। শুক্রবার সকাল থেকে তাদের এক বছরের ছেলে অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে কান্নাকাটি করছিল। পরে প্রতিবেশীরা ঘরে গিয়ে মেঝেতে রুমির লাশ এবং পাশের আরেকটি ঘরে চেয়ারে বসা অবস্থায় নজরুলের লাশ দেখতে পায়।

ওসি রওশন বলেন, ‘নিহতদের গলার বাঁ পাশে আঘাতের এবং মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাদের হত্যা করেছে। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।’

নিহত দম্পতির মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।