প্রধানমন্ত্রীর জন্মদিনে ক্রিকেটারদের শুভেচ্ছা

৭৩ তম জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যাকে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন নিয়মিত মুখ।

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন তার ফেসবুক পেজে লিখেছেন, “শুভ জন্মদিন,মাদার অব হিউম্যানিটি। বাংলাদেশের উন্নয়নের রূপকার বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।...আমরা গর্বিত আপনার মতো এমন একজন মানুষকে রাষ্ট্রপ্রধান হিসেবে পেয়ে। মহান আল্লাহর কাছে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।”

প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে নানা ক্ষেত্রে তার সাফল্য তুলে ধরেছেন জাতীয় দলের আরেক তারকা খেলোয়াড় সাব্বির রহমান। তিনি লিখেছেন, “বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নব পর্যায়ের বাংলাদেশের ইতিহাসের নির্মাতা।...বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ‘নীলকণ্ঠ পাখি’, মৃত্যুঞ্জয়ী মুক্ত মানবী। তিমির হননের অভিযাত্রী, মাদার অব হিউম্যানিটি।”

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইউনিসেফের প্রধান কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বক্তৃতার কথা উল্লেখ করে জন্মদিনে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসান। লিখেছেন, “...ইউনিসেফ কর্তৃক ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কার লাভ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একই মঞ্চে বসতে পেরে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে আমি খুবই গর্বিত।”