বাংলাদেশের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে সিনেমা নির্মাণ করছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমার নাম ভূমিকায় অভিনয়ের জন্য নতুন মুখের সন্ধানে আয়োজন করা হয় রিয়েলিটি শো
‘চ্যানেল আই হিরো কে হবে মাসুদ রানা?’। গত শুক্রবার এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছেন রাসেল রানা। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ। ছবি : এসএইচ রানা
মাসুদ রানা চরিত্রের জন্য আপনাকেই নির্বাচন করা হলো। কেমন লাগছে?
এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি সত্যিই খুব খুশি। শুধু আমি না, খবরটি শুনে আমার মা কেঁদেই ফেলেছিলেন। বাবাও খুব খুশি।
এ প্রতিযোগিতায় কেন এসেছিলেন?
ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি সিনেমার নায়ক হওয়ার। কিন্তু কীভাবে এই জগতে পা রাখব তা বুঝতে পারছিলাম না। যখন দেখলাম মাসুদ রানাকে নিয়ে তৈরি সিনেমার মুখ্য চরিত্রের জন্য প্রতিযোগিতা হবে, তখন কোনো কিছু না ভেবেই নাম লেখাই। কারণ মাসুদ রানা আমার ভীষণ প্রিয় চরিত্র। প্রতিযোগিতায় এসে একে একে নানা ধরনের গ্রুমিংয়ের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে, যা আমাকে অনেক পরিণত করেছে।
মাসুদ রানা চরিত্রে আপনার অভিনয়ের ব্যাপারটা কী নিশ্চিত? এ সিনেমার নায়িকা চরিত্র নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে...
মাসুদ রানা চরিত্রের অভিনেতা খুঁজতেই আমাদের নিয়ে এই প্রতিযোগিতা করা হয়েছে। তবে আমি এখনো মাসুদ রানা সিনেমায় চুক্তিবদ্ধ হইনি। তাই এখনই এ নিয়ে চূড়ান্ত কিছু বলতে পারছি না। আর এ সিনেমার নায়িকা হিসেবে বলিউড তারকা শ্রদ্ধা কাপুরের নাম আমিও খবরে পড়েছি। এ নিয়েও আমার সঙ্গে সংশ্লিষ্ট কারও কোনো কথা হয়নি।
ভবিষ্যৎ পরিকল্পনা কী?
এই প্রতিযোগিতার মাধ্যমে মাসুদ রানা হতে গেলে যে গুণাবলি লাগে, তার ওপরই বেশি জোর দেওয়া হয়েছে। কিন্তু আমি তো আজীবন মাসুদ রানা চরিত্রই করব না। নানা ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করতে হবে। তাই সব দিক থেকে নিজেকে আরও প্রস্তুত করতে চাই। নিজেকে বড় পর্দার একজন সফল নায়ক হিসেবেই দেখতে চাই ভবিষ্যতে। পাশাপাশি ভালোমানের বিজ্ঞাপনচিত্রের মডেল হতে চাই। কারণ মডেলিং দিয়েই আমার শুরু। তাই এর প্রতি আলাদা দুর্বলতা রয়েছে।
শোবিজে আসার শুরুর দিকের গল্পটা শুনতে চাই...
আমি যা-ই করি না কেন, জেনেবুঝে করতে চাই। এ জন্য মডেলিং শুরুর আগে দীর্ঘদিন র্যাম্প তারকা বুলবুল টুম্পার গ্রুমিং স্কুলে ছিলাম। টুম্পা আপুর কাছে অনেক কিছু শিখেছি। এ জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। নিজেকে সুন্দর করে উপস্থাপনের ক্ষেত্রে তার শিক্ষা অনেক কাজে লেগেছে। তিনিও আমার এই জয়ে খুব খুশি।
‘কে হবে মাসুদ রানা?’ প্রতিযোগিতার বিজয়ী হিসেবে কী কী পেলেন?
জাজ মাল্টিমিডিয়া ও ইমপ্রেস টেলিফিল্মের একটি করে সিনেমায় কাজের সুযোগ পেয়েছি। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও চ্যানেল আই থেকে একটি টয়োটা অ্যাকুয়া গাড়ি উপহার পেয়েছি। এ ছাড়া বছরব্যাপী ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বিভিন্ন কাজে আমাকে দেখা যাবে।