দেশের বাজারে কোয়ান্টাম প্রসেসর এইটকে এলইডি টেলিভিশন এনেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। কৃত্রিম বুদ্ধিমত্তার এই টেলিভিশনই বর্তমান বিশ্বে সবচেয়ে আধুনিক প্রযুক্তির টেলিভিশন। গতকাল শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এই টেলিভিশন বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
এই টেলিভিশনের ৭৫ ও ৮২ ইঞ্চির দুটি মডেল রয়েছে। ৭৫ ইঞ্চির মূল্য ১৫ লাখ ৯০ হাজার টাকা এবং ৮২ ইঞ্চির মূল্য ১৬ লাখ ৯০ হাজার টাকা।
অনুষ্ঠানে জানানো হয়, টিভির কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন মস্তিষ্কই হচ্ছে কোয়ান্টাম প্রসেসর এইটকে। এটি সামগ্রিকভাবে এআই অভিজ্ঞতা দিয়ে থাকে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই টিভি লো-রেজ্যুলেশন কনটেন্টকে এইটকে রেজ্যুলশনে নিয়ে যেতে পারবে। উন্মোচন অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন, হেড অব বিজনেস (সিই) শাহরিয়ার বিন লুৎফর এবং হেড অব মার্কেটিং (সিই) খন্দকার আশিক ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, টিভির প্রতি ফ্রেমে ৩ কোটি ৩০ লাখ পিক্সেল রয়েছে। এর ফলে এই টিভি ফোরকে রেজ্যুলেশনের চেয়ে চারগুণ স্বচ্ছ ও পরিষ্কার ছবি দেখাতে সক্ষম। টিভিটি প্রায় থ্রি-ডাইমেনশনাল ডেপথের অভিজ্ঞতা দিতে সক্ষম। এই টিভিতে রয়েছে ইউনিক লাইটিং কন্ট্রোল প্রযুক্তি।