‘নদী রক্ষা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে না’

বাংলাদেশের নদ-নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং পরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদার। গতকাল শনিবার গাজীপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে নদীবিষয়ক বিশেষ পাঠচক্র ‘এসো নদীর গল্প শুনি’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন নদী দখল করছে শক্তিশালী ও সম্পদশালী লোকজন। তারা উন্নয়নের নামে এসব করছে। উন্নয়নের নামে নদী দখল করা যাবে না। এসব দখল রোধ করতে হবে। নদী শুধু দখলই হচ্ছে না, দূষণও হচ্ছে।’ ড. মজিবুর রহমান বলেন, নদী হচ্ছে মাদার লিভিং বিং বা প্রধান জীবন্ত সত্তা। নদী না বাঁচলে প্রকৃতি বাঁচবে না, কোনো কিছুই বাঁচবে না। দখল ও দূষণ থেকে নদীকে বাঁচাতে হলে পরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন করতে হবে। নদীকে সঠিকভাবে রক্ষা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে না।’

জাতীয় নদী রক্ষা কমিশন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, গাজীপুর জেলা নদী রক্ষা কমিটি ও গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মশিউর রহমান।