কলেজ যাওয়ার পথে ছাত্রীকে বাস চাপা

কলেজের উদ্দেশে বের হন রংপুর নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ এলাকার দুলাল হোসেনের মেয়ে ইতি আক্তার (১৮)। ধান গবেষণা ইনস্টিটিউটসংলগ্ন পাঁচমাইল এলাকায় পৌঁছে রাস্তা পার হাচ্ছিলেন। এমন সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইতি রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তেন।

ইতি ছাড়াও এদিন ও আগের রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। এর মধ্যে মাগুরার শ্রীপুরে মোটরসাইকেল চালক, ফেনীতে বেকারি শ্রমিক এবং ঢাকার সাভার ও ধামরাইয়ে দুই যুবক রয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর :

রংপুর : প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে তাজহাট থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, সকালে কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হন ইতি। নগরীর পাঁচমাইল এলাকায় পৌঁছে রাস্তা পারের সময় রংপুর থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দমদমা ব্রিজ এলাকায় পৌঁছে যাত্রীসহ বাস রেখে চালক ও সহকারী পালিয়ে যান। পরে পুলিশ বাসটি জব্দ ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাভার : গতকাল দুপুরে সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে বাসচাপায় শাকিল (২০) নামে এক যুবক নিহত হন। পিকআপের হেলপার শাকিল নিলফামারীর কিশোরগঞ্জের উত্তর জারভেরী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান সাভার মডেল

থানার এসআই আবু সাঈদ সিয়াম।

 

এদিকে লেগুনা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজ্জাক হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে ধামরাই থানা পুলিশ। শুক্রবার রাতে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ধামরাই পৌর এলাকার চন্দ্রাইল গ্রামের আবুল হোসেনের ছেলে রাজ্জাক টাইলস মিস্ত্রি ছিলেন।

মাগুরা : শ্রীপুরের দারিয়াপুর হাফেজিয়া মাদ্রাসা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক শাওন বিশ্বাস (১৯) নিহত হন। এ সময় আহত হন তার বন্ধু লিমন (২০) । গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। শাওন উপজেলা চন্দ্রপাড়া গ্রামের ইবাদত বিশ্বাসের ছেলে। শ্রীপুর থানার ওসি মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ফেনী : কাভার্ড ভ্যানের চাপায় আজগর আলী (২৫) নামে এক বেকারি শ্রমিক নিহত হন। গতকাল সকালে ফেনী বাইপাস অংশের মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজগর সোনাগাজী উপজেলার চরছান্দিয়া এলাকার আবদুল আলীর ছেলে। কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে বলে জানান মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আবদুল মালেক।