সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক স্তরের জন্য ২৬ হাজারের বেশি শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চলতি বছর নভেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে গতকাল শনিবার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
তারা জানিয়েছেন, দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই আলোকে প্রথম ধাপে এ স্তরে ২৬ হাজার ৩৬৬ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগ কার্যক্রম থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নারী-পুরুষ উভয় ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ¯œাতক বা ডিগ্রি পাস বাধ্যতামূলক করা হবে। বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মো. বদরুল হাসান বাবুল বলেন, ‘প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম শেষে নভেম্বরে প্রাক-প্রাথমিক পর্যায়ে ২৬ হাজার ৩৬৬ শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে। নভেম্বরের মাঝামাঝি সময় এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আলোচনা চলছে।’
অতিরিক্ত সচিব বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পদ সৃজনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সচিব কমিটিতে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন হওয়ার পর তা মন্ত্রিপরিষদ সভায় পাঠানো হবে। অনুমোদন সংক্রান্ত কার্যক্রম অক্টোবরের মধ্যে শেষ হবে।