ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারের পতন ঘটাতে হবে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। এর আগে দলকে শক্তিশালী করতে মহানগর উত্তর বিএনপিকে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মিসম্মেলন করতে হবে। গতকাল শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার

মুক্তির দাবিতে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। সন্ধ্যায় মহানগর উত্তরের দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সভায় মহানগর নেতাদের মির্জা ফখরুল বলেন, আজকের সভায় আপনারা যেভাবে এখানে ঐক্যবদ্ধভাবে উপস্থিত হয়েছেন, আগামী দিনেও দেশনেত্রীর মুক্তির আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, মহানগর বিএনপিকে শক্তিশালী করতে হলে পাড়া-মহল্লায় সাধারণ মানুষের কাছে যেতে হবে। অন্যায়ের বিরুদ্ধে, এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে রাজপথে আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের দলীয় মেয়র প্রার্থী এম তাবিথ আউয়াল।