বৃত্তি প্রদান অনুষ্ঠানে আইনমন্ত্রী

এমন কোনো অপরাধ নেই যা শিক্ষিত লোকের মাধ্যমে ঘটছে না

শিক্ষিত লোকের মাধ্যমে অপরাধ বেশি ঘটছে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল শবিবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘যে জাতি যত শিক্ষিত সে জাতির মধ্যে অপরাধ প্রবণতা তত কম। কিন্তু বাংলাদেশে শিক্ষার হার এবং উন্নয়ন বাড়লেও এমন কোনো অপরাধ নেই, যা শিক্ষিত লোকের মাধ্যমে ঘটছে না।’   

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডাচ্-বাংলা ব্যাংক কর্তৃক উচ্চ মাধ্যমিক শ্রেণিতে অধ্যয়নরত দুই সহস্রাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন আইনমন্ত্রী। ডাচ্-বাংলা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

আইনমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের সমাজের একটি বড় সমস্যা হলো দুর্নীতি। এটি সমাজের বিরাট একটি অংশকে শোষিত ও বঞ্চিত করছে। সমাজে ব্যাপক বৈষম্য তৈরি করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং এই নীতি বাস্তবায়নের জন্য দুর্নীতিবিরোধী অভিযান চালানো হচ্ছে। আমরা দুর্নীতি দূর করে সুনীতি প্রতিষ্ঠা করতে চাই।’

তিনি আরও বলেন, ‘যুগোপযোগী ও মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা ছাড়া সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয়। তাই সবার জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ  সৃষ্টি করা আমাদের জাতীয় কর্তব্য। সরকারের পাশাপাশি সব বেসরকারি প্রতিষ্ঠান এমনকি ব্যক্তি বিশেষ এগিয়ে এলে সরকার নতুনভাবে উজ্জীবিত হবে।’