পরশ খড়কা, নেপাল ক্রিকেটের অন্যতম বড় নাম। দেশটির নেতৃত্বও তার কাঁধে। বলতে গেলে নেপালের হয়ে প্রায় সব ব্যাটিং রেকর্ডই তার দখলে। এবার দেশ ছাপিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ৩১ বছর বয়সী ক্রিকেটার।
শনিবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সিঙ্গাপুরের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি হাঁকান পরশ। যা টি-টোয়েন্টিতে দেশটির হয়ে প্রথম সেঞ্চুরির কীর্তি। এখানেই শেষ নয়, রান তাড়া করতে নেমে পরশ ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েছেন। ভারত অধিনায়ক বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথও যা পারেননি, সেটিই সম্ভব করে দেখালেন নেপালি অধিনায়ক।
সিঙ্গাপুরে চলমান ত্রিদেশীয় সিরিজটিতে স্বাগতিকেরা ছাড়াও খেলছে নেপাল ও জিম্বাবুয়ে। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুর আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৫১ রান করে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে পরশের সেঞ্চুরিতে ৪ ওভার হাতে রেখেই ৯ উইকেটের জয় ছিনিয়ে নেয় নেপাল।
৫২ বলে ৭ চার ও ৯ ছক্কায় অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন পরশ। সেঞ্চুরি ছুঁয়েছেন মাত্র ৪৯ বলে। এশিয়ান ক্রিকেটারদের মধ্যে যা চতুর্থ দ্রুততম সেঞ্চুরি।
এর আগে টি-টোয়েন্টিতে রান তাড়া করতে নেমে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ স্কোর ছিল নেদারল্যান্ডসের পিটার সিলারের। স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৯৬ রান করেন তিনি। পরের স্থানটিতে ছিলেন অস্ট্রেলিয়ার রান মেশিন স্টিভেন স্মিথ। ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৯০ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
এর পরের অবস্থানে আছেন ক্রিস গেইল। ২০০৯ সালে অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন ৮৮ রানের ইনিংস। আর রান তাড়া করতে নেমে ভারত অধিনায়ক বিরাট কোহলির সর্বোচ্চ ইনিংসটি ৮২ রানের, শ্রীলঙ্কার বিপক্ষে।