ফরিদপুরে জাহিদুল ইসলাম খান হত্যা মামলায় পাঁচ জনের ফাঁসির আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
রোববার বেলা পৌনে তিনটার দিকে আদালতের বিচারক মো. সেলিম মিয়া এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় পাঁচ আসামীর মধ্যে চার জন আদালতে উপস্থিত ছিলেন।
২০১৪ সালের ২১ ডিসেম্বর রাতে তাস খেলাকে কেন্দ্র করে আসামিরা জাহিদুল ইসলাম খানকে (৩০)কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় ২৩ ডিসেম্বর জাহিদুলের স্ত্রী মোসা. জিয়াসমিন বেগম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ফরিদপুর সদর উপজেলার ধুলদী রাজাপুর গ্রামের ইসমাইল শেখের ছেলে আকাশ (১৮), একই গ্রামের কামাল শেখের ছেলে সাইফুল শেখ (২৭), কিতাব আলির ছেলে হাসেম শেখ (৩৫), শোভা খা'র ছেলে জাহিদ খা (২৮), মৃত আলিম ব্যাপারীর ছেলে জুয়েল ব্যাপারী (৩২)।
জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আওলাদ হোসেন মামলার বিবরণ থেকে জানায়, ফরিদপুর কোতোয়ালি থানার কৃষ্ণনগর ইউনিয়নের পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের জাহিদুল ইসলাম খান ২০১৪ সালের ২১ ডিসেম্বর ধুলদী রাজাপুর গ্রামের ইসমাইল শেখের বাড়িতে গিয়ে সহযোগীদের সাথে তাস খেলা শুরু করে। খেলায় জয় পরাজয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে কোন্দল শুরু হলে ওই ৫ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাহিদুলকে আহত করে ফেলে রেখে যায়।
পরদিন দুপুরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের স্ত্রী জিয়াসমিন বাদী হয়ে ২৩ ডিসেম্বর কোতোয়ালি থানায় ওই ৫ জনকে আসামি করে মামলা দায়ের করলে শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।