‘জয় হিন্দ’ বলে তোপের মুখে ভিসি‘

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের শেষ দিকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলার পর ‘জয় হিন্দ’ সেøাগান দিয়ে সমালোচনার মুখে পড়েছেন উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান। শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ উপাচার্যের বক্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ অ্যাখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছে। তবে অনেকে বলছেন, উপাচার্য কোন প্রেক্ষাপটে এ বক্তব্য দিয়েছেন, তিনিই ভালো জানেন। এটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করা ঠিক হবে না।

এ বিষয়ে রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, উপাচার্য অন্য একটি দেশের সেøাগান দিতে পারেন না। কোন প্রেক্ষাপটে তিনি সেøাগান দিলেন, তা বোধগম্য নয়।’ বিশ্ববিদ্যালয়ের ইসলামি জাতীয়তাবাদ ও মূলবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের আহ্বায়ক অধ্যাপক এনামুল হক বলেন, ‘উপাচার্য ভারতকে খুশি করতে এ সেøাগান দিয়েছেন। এর মাধ্যমে তিনি উপাচার্যের পদে থাকার নৈতিকতা হারিয়েছেন।’

বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ বলেন, ‘জয় হিন্দ বলে উপাচার্য বঙ্গবন্ধুর বাংলাদেশকে খাটো করেছেন। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করব।’ রাবি শাখা প্রগতিশীল ছাত্রজোটের সাবেক আহ্বায়ক রঞ্জু হাসান বলেন, ‘এ সেøাগান দিয়ে উপাচার্য তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। আমরা আশা করি, তিনি স্বেচ্ছায় পদ ছাড়বেন।’ রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সানিন

চৌধুরী বলেন, ‘স্বাধীন-সার্বভৌমত্ব রাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অন্য একটি দেশের সেøাগান কীভাবে দেন, তা বুঝে আসে না। তিনি নিজ দেশ ও স্বাধীনতাকে খাটো করেছেন। আমরা তার অপসারণ দাবি করছি।’ তবে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘উপাচার্য বিজ্ঞ মানুষ। কোন প্রেক্ষাপটে জয় হিন্দ বলেছেন, তিনিই ভালো জানেন। আমরা মনে করি না, এর মাধ্যমে তিনি বাংলাদেশ কিংবা বঙ্গবন্ধুকে খাটো করেছেন।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি। গতকাল রবিবার তার কার্যালয়ে গিয়েও দেখা মেলেনি। এ সময় সহকারী রেজিস্ট্রার নারায়ণ চন্দ্র বর্মণ জানান, উপাচার্য মিটিংয়ে আছেন।

২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ও জন-ইতিহাস চর্চা কেন্দ্রের উদ্যোগে তিন দিনব্যাপী ‘কালচার, পিস অ্যান্ড এডুকেশন : ফ্রম দ্য পারস্পেকটিভ অব পিপলস হিস্ট্রি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করেন উপাচার্য আবদুস সোবহান। সেখানে সভাপতির বক্তব্য তিনি ‘জয় হিন্দ’ বলে শেষ করেন।