ভারত শাসিত কাশ্মীর নিয়ে পাকিস্তান কথা বলায় দেশটির সমালোচনা করেছেন ক্রিকেটার শিখর ধাওয়ান।
একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে ভারতীয় ওপেনার বলেন, পাকিস্তানি ক্রিকেটাররা যেন নিজেদের দিকে তাকিয়ে কথা বলে।
‘যদি আমাদের দেশ নিয়ে কেউ কিছু বলেন, তাহলে বলব দাঁড়ান। বাইরের লোকেদের কোনো পরামর্শের প্রয়োজন নেই। আগে নিজের দেশের সমস্যা মেটান।’
‘তারপর অন্যদের নিয়ে কথা বলবেন। কথায় আছে, যাদের বাড়ি কাচের তৈরি, তারা অন্যের বাড়িতে ঢিল ছোড়ে না।’
যতদিন যাচ্ছে, ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ততই তলানিতে গিয়ে ঠেকছে। পাঠানকোট, উরি থেকে পুলওয়ামায় হামলার পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত।
সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা করে নানা মন্তব্য করেছেন দেশটির কয়েকজন ক্রিকেটার। যে তালিকায় আছেন শোয়েব আখতার থেকে প্রধানমন্ত্রী ইমরান খান।
এই প্রথম নয়। এর আগেও পাকিস্তানকে তোপ দাগতে ছাড়েননি ধাওয়ান। চলতি বছর এপ্রিলে কাশ্মীর নিয়ে শহীদ আফ্রিদির মন্তব্যের সমালোচনা করেন তিনি।