নিজের ১১ মাসের শিশু সন্তান মো. ইমরান হোসেন ইস্রাফিলকে বিক্রি করে অপহরণের নাটক সাজান তারই মা। এই অভিযোগ পেয়ে ঘটনার সাথে জড়িত মাসহ তিন নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রবিবার রাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার কালারাইতা গ্রামের খামারবাড়ী থেকে অপহৃত শিশুকে উদ্ধার করে অভিযুক্তদের আটক করা হয়।
পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর ইস্রাফিলের মা রেহানা আক্তার (৩০) নিকটাত্মীয় রেহানা আক্তারের (২২) সহযোগিতায় তাকে ৫০ হাজার টাকায় জনৈক মাফিয়া আক্তারের (৪০) কাছে বিক্রি করে দেন। একই দিন ফেনীর মহিপালে সিএনজি স্টেশনে এক চালক তার ছেলে অপহরণ হয়েছে মর্মে অভিযোগ দায়ের করেন।
গোয়েন্দা পুলিশ অজ্ঞাত ওই চালককে আটক করলে ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসে। পরে রবিবার রাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার কালারাইতা গ্রামের খামার বাড়ী থেকে অপহৃত শিশু ইস্রাফিলকে উদ্ধার করে। এসময় তার মা রেহানা আক্তার, নিকটাত্মীয় রেহানা আক্তার ও ক্রেতা মাফিয়া আক্তারকে আটক করা হয়।
উদ্ধার মো. ইমরান হোসেন ই¯্রাফিল কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলার মাছিমপুর গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
ঘটনার দিন মা রেহানা আক্তারের সাথে ফেনী সদর উপজেলার ধর্মপুর আমিন বাজারে নানার বাড়ীতে আসছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রনজিত কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।