চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডেলিংয়ে নতুন রেকর্ড

এক মাসে সর্বোচ্চ সংখ্যক কনটেইনার হ্যান্ডেলিংয়ের নতুন রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। সেপ্টেম্বর মাসে বন্দরে হ্যান্ডেলিং হয়েছে ২ লাখ ৯২ হাজার ৪৫৫ টিইইউস কনটেইনার।

বন্দর কর্মকর্তারা বলছেন, গ্যান্ট্রি ক্রেনসহ বিভিন্ন ধরনের নতুন যন্ত্রপাতি স্থাপনের কারণে বন্দরের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। যার ফলে কনটেইনার হ্যান্ডেলিংয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

২০১৮ সালে ২৯ লাখ টিইইউস কনটেইনার হ্যান্ডেলিং করে বিশ্বের সবচেয়ে পুরোনো শিপিং বিষয়ক সংবাদ মাধ্যম ‘লয়েডস লিস্ট’ এর তালিকায় ৬৪তম স্থানে উঠে এসেছে চট্টগ্রাম বন্দর। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০১৯ সালে কনটেইনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ ৩২ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক ( পরিবহন ) এনামুল করিম দেশ রূপান্তরকে জানান, সেপ্টেম্বরে বন্দরে ২ লাখ ৭২ হাজার ৯২২ টিইইউস কনটেইনার হ্যান্ডেলিং হয়েছে। এটি এক মাসের সর্বোচ্চ হ্যান্ডেলিংয়ের রেকর্ড।

বন্দর সূত্র জানায়, বন্দরের টার্মিনাল পরিচালনাকারী বার্থ অপারেটরদের মধ্যে সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডেলিং করেছে এম এইচ চৌধুরী লিমিটেড। তারা হ্যান্ডেলিং করেছে ১৬ হাজার ৮৯৫ টিইইউস কনটেইনার। এটা কোন অপারেটরের এযাবৎকালের এক মাসে কনটেইনার হ্যান্ডেলিংয়ের সর্বোচ্চ রেকর্ড। এর আগে বশির আহমদ অ্যান্ড কোম্পানি এক মাসে সর্বোচ্চ ১৬ হাজার ১৯ টিইউউস কনটেইনার হ্যান্ডেলিংয়ের রেকর্ড করেছিল ।