সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। গত মাসে বন্দরে হ্যান্ডলিং হয়েছে ২ লাখ ৯২ হাজার ৪৫৫ টিইইউস কন্টেইনার। বন্দর কর্মকর্তারা বলছেন, গ্যান্ট্রি ক্রেনসহ বিভিন্ন ধরনের নতুন যন্ত্রপাতি স্থাপনের কারণে কার্যক্রমে গতিশীলতা বেড়েছে। ফলে কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত বছর ২৯ লাখ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করে বিশ্বের সবচেয়ে পুরনো শিপিংবিষয়ক সংবাদমাধ্যম ‘লয়েডস লিস্টের’ তালিকায় ৬৪তম স্থানে উঠে এসেছে চট্টগ্রাম বন্দর। বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি বছর কন্টেইনার হ্যান্ডলিং ৩২ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) এনামুল করিম দেশ রূপান্তরকে জানান, চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কাজে গত বছর দু’দফায় ৬টি গ্যান্ট্রিক্রেন যুক্ত হয়েছে। চলতি বছর এসেছে আরও চারটি। আগে গিয়ারলেস জাহাজ থেকে কন্টেইনার নামানোর সুযোগ ছিল না। ক্রেনগুলো যুক্ত হওয়ায় এখন প্রতিদিন গিয়ারলেস জাহাজ থেকে কন্টেইনার ওঠানামা চলছে। এতে অপারেশনাল কাজের গতিশীলতা বাড়ার পাশাপাশি বন্দরে আসা জাহাজকেও কম সময় অবস্থান করতে হচ্ছে। বন্দর সূত্র জানায়, বন্দরের টার্মিনাল পরিচালনাকারী বার্থ অপারেটরদের মধ্যে সেপ্টেম্বরে সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিং করেছে এম এইচ চৌধুরী লিমিটেড। তারা হ্যান্ডলিং করেছে ১৬ হাজার ৮৯৫ টিইইউস কন্টেনার। এটা এ যাবতকালের এক মাসে কন্টেইনার হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ রেকর্ড। এর আগে বশির আহমদ অ্যান্ড কোম্পানি এক মাসে সর্বোচ্চ ১৬ হাজার ১৯ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড করেছিল।